ঘর ভাঙছে বিজয় থালাপতির, ডিভোর্সের মামলা করলেন অভিনেতার স্ত্রী সঙ্গীতা
ছবি: সংগৃহীত
০৭:২৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণী ছবির দুনিয়ায় তিনি শুধু তারকা নন, ভক্তদের কাছে এক আবেগের নাম। কিন্তু পর্দার ঝলকানির আড়ালে ব্যক্তিজীবনে নেমে এসেছে অস্থিরতার ছায়া। বহুদিনের গুঞ্জন এবার যেন বাস্তবের মাটিতে দাঁড়াল। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন অভিনেতা বিজয় থালাপতি ও তাঁর স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গম।
গত বছর থেকেই শোনা যাচ্ছিল, তাঁদের সংসারে অশান্তির হাওয়া বইছে। একাধিক অনুষ্ঠানে বিজয়ের একাকী উপস্থিতি, পারিবারিক অনুষ্ঠানে দূরত্ব সব মিলিয়ে জল্পনা ক্রমেই ঘনীভূত হচ্ছিল। যদিও সে সময় কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। ভক্তরা আশা করেছিলেন, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় ভাঁটা পড়ল।

সূত্রের খবর, চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন সঙ্গীতা। দাম্পত্য থেকে অব্যাহতি চেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। এমনকি উচ্চ আদালতেও লিখিত আবেদন জমা পড়েছে বলেই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেননি দু’পক্ষের কেউই।
১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ পথচলায় সুখ-দুঃখের নানা অধ্যায় পেরিয়েছেন তাঁরা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন অভিনেতা। তাই এই বিচ্ছেদের খবর স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছে অনুরাগীদের একাংশকে।
পর্দায় তিনি নায়ক, সংগ্রামী, পরিবারকেন্দ্রিক চরিত্রে বারবার জয়ী। কিন্তু বাস্তবের সম্পর্কের সমীকরণ যে অনেক বেশি জটিল, তা আরও একবার স্পষ্ট হলো। এখন সকলের নজর, আইনি প্রক্রিয়া কোন পথে এগোয় এবং এই বিষয়ে কবে মুখ খোলেন বিজয় থালাপতি বা সঙ্গীতা।
পিআর/টিকে