দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী
ছবি: সংগৃহীত
০৮:০৩ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। সরকার একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও কোথাও উল্লেখযোগ্য অবনতি ঘটেনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার ও সম-অধিকার নিশ্চিত করা।’
তিনি আরো বলেন, ‘উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোনো নেতাকর্মীর কর্মকাণ্ড যেন দলের সুনাম ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনীতিকে জনগণের কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও সচ্ছল করার উদ্যোগ অব্যাহত রয়েছে।’
মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এবং সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট প্রমুখ।
এসকে/টিকে