মধ্যরাতে রহস্যময় বার্তা! হঠাৎ কী হল অমিতাভ বচ্চনের?
ছবি: সংগৃহীত
০৮:১৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যরাতে হঠাৎ একটি বার্তা, আর তাতেই শোরগোল। সম্পর্ক, বিশ্বাস আর পুরুষদের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে লেখা একটি বাক্য ঘিরে ফের আলোচনায় বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।
শুক্রবার ভোররাতে তিনি লেখেন, পৃথিবীর প্রতি কোণে বিশ্বস্ত পুরুষেরা রয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর আকৃতি গোল। সংক্ষিপ্ত এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনুরাগীদের একাংশ এটিকে নিছক রসিকতা বলেই মনে করছেন। কারণ, দীর্ঘদিন ধরেই তাঁর বুদ্ধিদীপ্ত রসবোধের জন্য পরিচিত তিনি। তবু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন ভাবনা ভাগ করে নিলেন অভিনেতা?
অমিতাভের ব্যক্তিজীবন বরাবরই কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্ত্রী জয়া বচ্চনর সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্যের পাশাপাশি বারবার উঠে এসেছে আর এক নাম রেখা। ১৯৭৬ সালে ‘দো আনজানে’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। যদিও প্রকাশ্যে কখনও সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।

পরবর্তী সময়ে একাধিক ঘটনা ঘিরেও জল্পনা দানা বেঁধেছিল। শোনা যায়, একটি ছবির শুটিংয়ে রেখার সঙ্গে দুর্ব্যবহার করা এক ব্যক্তিকে নাকি ধমক দিয়েছিলেন অমিতাভ। আবার এক তারকা বিবাহ অনুষ্ঠানে রেখার সিঁথিতে সিঁদুর দেখা যাওয়াও জল্পনা উসকে দিয়েছিল। তবে সবই থেকেছে গুঞ্জনের স্তরে।
এই প্রেক্ষাপটে তাঁর সাম্প্রতিক মন্তব্য অনেকের মনেই পুরনো প্রশ্ন জাগিয়ে তুলেছে তিনি কি নিছকই মজা করেছেন, না কি কোনও গভীর ইঙ্গিত রয়েছে? অনুরাগীদের কেউ কেউ মজা করেই লিখেছেন, এই বার্তা দেখে ঘরের পরিবেশ কেমন হবে!
তবে বরাবরের মতোই নীরব অমিতাভ বচ্চন। একটি বাক্য, অসংখ্য ব্যাখ্যা। সম্পর্কের অঙ্ক যে এখনও মানুষের কৌতূহলের কেন্দ্রে, তা আর বলার অপেক্ষা রাখে না।
পিআর/টিকে