দেশকে সুখী ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে দিনরাত কাজ চলছে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী
ছবি: সংগৃহীত
০৮:১৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ‘আপনাদের সমর্থনেই আজ আমরা দায়িত্বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সুখী ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত কাজ চলছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুরের এমএস পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, ‘স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তারেক রহমান অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলার সব ন্যায্য দাবি সরকারের কাছে উপস্থাপন করে দ্রুততম সময়ে বাস্তবায়নের চেষ্টা করব। মেঘনা ব্রিজ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি বাঞ্ছারামপুরকে শিশু ও নারীদের জন্য নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো হানাহানি, মারামারি বা রাজনৈতিক হয়রানি চলবে না।’
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সামাজিক সচেতনতা বাড়ানো হবে। কৃষকবান্ধব নীতির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না।’
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও ভিপি এ কে এম মূসার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশির আপেল, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসাসহ প্রমুখ।
এসকে/টিকে