ধর্ম পরিবর্তনের অভিযোগে মুখ খুললেন সুরকার ইসমাইল
ছবি: সংগৃহীত
০৮:৩২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সুরের জগতে তাঁর পরিচয় উজ্জ্বল। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না। দ্বিতীয় বিয়ে, ধর্ম পরিবর্তনের অভিযোগ সব মিলিয়ে আবারও চর্চার কেন্দ্রে সুরকার ইসমাইল দরবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত অভিযোগের জবাব দিলেন তিনি নিজেই।
প্রথম স্ত্রী ফরজ়ানার সঙ্গে দীর্ঘ দাম্পত্য এবং দুই পুত্রসন্তান রয়েছে ইসমাইলের। সেই সম্পর্ক টিকে থাকতেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আরও শোনা যায়, দ্বিতীয় স্ত্রী আয়েশা নাকি বিয়ের পর তাঁর জন্যই ধর্ম পরিবর্তন করেছিলেন। এই দাবিকেই সরাসরি খারিজ করেছেন সুরকার।
ইসমাইলের কথায়, প্রথম স্ত্রীর সঙ্গে বড় কোনও বিবাদ ছিল না, কিন্তু সম্পর্কের রসায়ন নষ্ট হয়ে গিয়েছিল। শেষ দু’মাস আলাদা থাকাও শুরু করেছিলেন তাঁরা। সেই সময়েই সুরতে গিয়ে আয়েশাকে বিয়ে করেন তিনি। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, যার নাম ইমান। তবে সন্তানের একটি হিন্দু নামও রয়েছে বলে জানান ইসমাইল। মামাবাড়িতে গেলে সেই নামেই ডাকা হয়, পুজোপাঠে অংশ নেয়, কপালে তিলক পরে। ছেলেকে সব ধর্মকে সম্মান করতে শেখান বলেই দাবি তাঁর।
ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে ইসমাইল স্পষ্ট জানিয়েছেন, সেই সিদ্ধান্ত আয়েশা নিজে নিয়েছিলেন। তিনি কাউকে বাধ্য করেননি। বরং আয়েশা নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে তাঁর সঙ্গে সংসার পেতেছিলেন বলে গর্বের সঙ্গেই উল্লেখ করেন সুরকার। তাঁর ভাষায়, আয়েশা না থাকলে হয়তো তিনি এতদিনে ভেঙে পড়তেন।

প্রথম স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগও মানতে নারাজ ইসমাইল। একদিন তীব্র ঝগড়ার পর তিনি আয়েশাকে ফোন করেন। গাড়িতে ঘুরতে ঘুরতেই বিয়ের প্রস্তাব দেন, এবং আয়েশা রাজি হন। তখন তিনি জানতেন না যে আয়েশা এক ধনী ব্যক্তির বাগদত্তা ছিলেন। তাঁর সঙ্গীতের প্রতি মুগ্ধ হয়েই নাকি আয়েশা তাঁর প্রতি আকৃষ্ট হন।
ব্যক্তিজীবনের টানাপোড়েনের মাঝেও কাজের জগতে ইসমাইল দরবারের সাফল্য অটুট। তবু প্রশ্ন থেকে যায়, বিতর্ক কি কখনও তাঁর পিছু ছাড়বে? আপাতত নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সুরকার।
পিআর/টিকে