© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমকামী প্রেমের ছবিতে নতুন চ্যালেঞ্জে বরুণ সবতি

শেয়ার করুন:
সমকামী প্রেমের ছবিতে নতুন চ্যালেঞ্জে বরুণ সবতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সমকামী প্রেমের গল্পে নতুন পথে হাঁটছেন বরুণ সবতি। জনপ্রিয় ধারাবাহিক ও আলোচিত রহস্যঘরানার কাজের পর এবার তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ওনির এর নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তুমহারি খুশবু’-তে। ৩৪ মিনিটের এই ছবির কেন্দ্রে রয়েছে এক দৃষ্টিহীন ম্যাসিওর ও তার ক্লায়েন্টের সম্পর্ক একটি সংবেদনশীল, নিভৃত এবং মানবিক প্রেমের কাহিনি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ওনির জানালেন, একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে ছবির ভাবনা তার কাছে আসে। তবে তিনি শিক্ষামূলক বক্তব্যের বদলে একটি সহজ, স্বাভাবিক সম্পর্কের গল্প বলতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই শুরু ‘তুমহারি খুশবু’র যাত্রা। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।

বরুণ সবতির এই ছবিতে যুক্ত হওয়ার গল্পটিও কম চমকপ্রদ নয়। নির্মাতার কথায়, প্রথমে তিনি তুলনামূলক অচেনা কিন্তু দক্ষ অভিনেতা নেওয়ার কথা ভেবেছিলেন। পরে সাহস করে বার্তা পাঠান বরুণকে। তিন দিন কোনও সাড়া না পেয়ে কিছুটা অনিশ্চয়তায় ছিলেন তিনি। লাদাখ থেকে ফিরে বরুণের উত্তর আসে তিনি কাজটি করবেন, শুধু সময় জানাতে হবে। চিত্রনাট্য পড়ার আগেই সম্মতি জানান অভিনেতা। নির্মাতার প্রতি আস্থাই ছিল তাঁর একমাত্র ভরসা। নিজের প্রচলিত ভাবমূর্তি নিয়ে বিন্দুমাত্র ভাবেননি বরুণ। বরং নির্মাতার ভাষায়, চরিত্রে সূক্ষ্ম অনুভবের স্তর যোগ করেছেন তিনি।



ছবিতে বরুণের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শশী ভূষণ, যিনি বাস্তব জীবনেও দৃষ্টিহীন। শুরু থেকেই এই চরিত্রে একজন দৃষ্টিহীন অভিনেতাকেই নিতে চেয়েছিলেন নির্মাতা। প্রতিবন্ধকতা ও সমকামী পরিচয় এই দুই প্রান্তিক বাস্তবতাকে একসঙ্গে এনে গল্প বলার চেষ্টা বাংলা ও হিন্দি ছবিতে খুব কমই হয়েছে। শশী শুধু অভিনয়ই করেন না, লেখেন এবং হারমোনিয়াম, গিটার ও বাঁশিও বাজাতে পারেন। তাঁর বাড়িতেই অনুমতি নিয়ে ছবির কিছু অংশের শুটিং হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, ‘তুমহারি খুশবু’ প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। পরে মুক্তির পরিকল্পনা করা হবে। সম্ভাবনা রয়েছে, তাঁর আগের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উই আর ফাহিম অ্যান্ড করুণ’-এর সঙ্গে যুক্ত করেও এটি মুক্তি পেতে পারে।

প্রচলিত গণ্ডি ভেঙে সম্পর্কের অন্য এক সুর শোনাতে চলেছে ‘তুমহারি খুশবু’। বরুণ সবতির সাহসী সিদ্ধান্ত আর ওনিরের সংবেদনশীল নির্মাণ এই মিলনেই তৈরি হচ্ছে এক অন্যরকম প্রেমের আখ্যান।

পিআর/টিএ

মন্তব্য করুন