© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

শেয়ার করুন:
তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
রুপালি পর্দার ঝলমলে আলোয় যেমন তারকাদের জীবন, তেমনই পর্দার আড়ালেও তাঁদের চাহিদা কম নয়। শুটিং সেটে দীর্ঘ সময় কাটাতে হয়, কখনও শহরের বাইরে, কখনও প্রান্তিক লোকেশনে। তাই অনেক তারকার কাছেই এখন ভ্যানিটি ভ্যান শুধু বিশ্রামের জায়গা নয়, যেন চলমান বিলাসবহুল বাড়ি। বিছানা থেকে রান্নাঘর, এমনকি জিম সব সুবিধাই থাকছে এক ছাদের নিচে।

দক্ষিণের জনপ্রিয় তারকা আল্লু অর্জুন-এর ভ্যানিটি ভ্যান নাকি ভারতের সবচেয়ে দামি। কালো রঙের সেই ভ্যানে রয়েছে পাঁচতারা হোটেলের মতো অন্দরসজ্জা। আধুনিক আলোর কারুকাজ, আরামদায়ক শোবার ব্যবস্থা সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়।



ভ্যানিটি ভ্যান নিয়ে খুঁতখুঁতে স্বভাবের কথা একাধিকবার শোনা গেছে শাহরুখ খান-এর ক্ষেত্রে। তাঁর ভ্যানের অন্দরসজ্জা করেছেন খ্যাতনামা নকশাকার দিলীপ ছাবরিয়া। কাচের মতো দেখতে বিশেষ উপাদানে তৈরি মেঝে, অত্যাধুনিক প্রযুক্তি আর একটি পূর্ণাঙ্গ জিম সব মিলিয়ে চার থেকে পাঁচ কোটি টাকার বিলাস।

সময় মেনে কাজ করা অক্ষয় কুমার বিরতির সময় কাটান নিজের ভ্যানেই। সেখানে রয়েছে আলাদা খাওয়ার জায়গা ও রান্নাঘর। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি সেই ভ্যান তাঁর আরাম ও নিয়মানুবর্তিতারই প্রতিফলন।

আধুনিকতার ছোঁয়ায় তৈরি সালমান খান-এর ভ্যানেও রয়েছে আলাদা মহড়া কক্ষ। চার কোটি টাকার সেই ভ্যানে কাজের প্রস্তুতি থেকে বিশ্রাম সবই সম্ভব একসঙ্গে।
দৈর্ঘ্যে প্রায় বারো মিটার হৃতিক রোশন-এর ভ্যান তিন ভাগে বিভক্ত। একাধিক আলোকপর্দা, শোবার ঘর ও বসার ঘর সব মিলিয়ে চার কোটি টাকার এই চলমান ঠিকানা তাঁর তারকাসুলভ জীবনযাত্রারই অংশ।



এই তালিকায় রয়েছেন আরও অনেকে। সঞ্জয় দত্ত-এর ভ্যানের মূল্য তিন কোটির বেশি। রণবীর সিং-এর কাছেও রয়েছে বিলাসবহুল ভ্যান। অভিনেত্রীদের মধ্যে শীর্ষে দীপিকা পাড়ুকোন। তাঁর ভ্যানে রয়েছে ব্যক্তিগত ঘর ও আলাদা বসার জায়গা, যার খরচ প্রায় দুই কোটি টাকা।

আলিয়া ভাট-এর ভ্যান সাজিয়েছেন গৌরী খান, রঙিন ও ব্যক্তিত্বময় সাজে। আর কঙ্গনা রানাউত নাকি শুধু অন্দরসজ্জাতেই খরচ করেছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা।

সব মিলিয়ে বোঝাই যায়, শুটিং সেটে কাটানো দীর্ঘ সময়কে স্বাচ্ছন্দ্যময় করতে তারকারা এখন ভরসা রাখছেন নিজের ভ্যানিটি ভ্যানে। পর্দার সামনে যতটা জৌলুস, পর্দার পেছনেও ততটাই আড়ম্বর।

পিআর/টিএ

মন্তব্য করুন