© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে অরিজিৎ-এর নতুন গান

শেয়ার করুন:
প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে অরিজিৎ-এর নতুন গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যেন আচমকা ঝড় তুলেছিল সঙ্গীতপ্রেমীদের মনে। গত ২৭ জানুয়ারি নিজের সামাজিক মাধ্যমে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। স্পষ্ট বলেছিলেন, প্লেব্যাক করবেন না ঠিকই, কিন্তু গান ছাড়ছেন না। বরং নতুন ভাবে, নিজের মতো করে সঙ্গীতের পথে হাঁটবেন। মাস ঘুরতেই সেই কথারই প্রমাণ মিলল।

প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে এল তাঁর নতুন গান ‘রায়না’। সুরে রয়েছেন শেখর রাভজিয়ানি, কথায় প্রিয়া সারাইয়া। রোম্যান্টিক আবহে মোড়া গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনুরাগীদের একাংশ লিখছেন, স্বাধীন সঙ্গীতে অরিজিতের এই নতুন অধ্যায়কে স্বাগত। কারও মতে, কণ্ঠের জাদু আগের মতোই অটুট। কেউ আবার বলছেন, গান শুনে চোখ ভিজে এসেছে।



ঘোষণার দিনেই অরিজিৎ জানিয়েছিলেন, আগের প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাজ এখনও বাকি রয়েছে। চলতি বছরে সেগুলি সম্পূর্ণ করবেন তিনি। সেই তালিকায় রয়েছে জুনেইদ খানের ছবি ‘এক দিন’। প্রযোজনায় আমির খান, মুখ্য ভূমিকায় জুনেইদ খান ও সাই পল্লবী। এই রোম্যান্টিক নাটকে শোনা যাবে অরিজিতের কণ্ঠ।

এর আগে শোনা গিয়েছিল, সলমন খান অভিনীত ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতেই নাকি তাঁর শেষ প্লেব্যাক থাকবে। আবার গুঞ্জন উঠেছিল শাহরুখ খান-এর ‘কিং’ ছবিতেও শোনা যেতে পারে তাঁর কণ্ঠ। যদিও এ নিয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এরই মধ্যে ‘রায়না’ যেন স্পষ্ট করে দিল, প্লেব্যাকের গণ্ডি ছাড়িয়ে নিজের স্বাধীন সঙ্গীতযাত্রায় মন দিয়েছেন শিল্পী।

অরিজিতের কণ্ঠ বরাবরই আবেগের সমার্থক। তাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যতটা বিস্মিত করেছিল, নতুন গান ততটাই আশ্বস্ত করল অনুরাগীদের। কথা রেখেছেন তিনি গান থামেনি, শুধু পথ বদলেছে।

পিআর/টিএ

মন্তব্য করুন