গভর্নর নিয়োগে নতুন সরকার 'দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
ছবি: সংগৃহীত
০৪:৩১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নয়া সরকার একটি 'দুর্বল পদক্ষেপ' নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি বলছে, 'বর্তমান গভর্নরের সাথে যে বিষয়গুলো (খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ) যুক্ত হয়েছে, সরকার চাইলে এ ধরনের সমালোচনা এড়িয়ে আরও ভালো নিয়োগ দিতে পারত। সে ধরনের লোকবল সরকারের হাতে ছিল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে সিপিডি কার্যালয়ে 'নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে বর্তমানে বয়স ন্যূনতম ৩৫ বছর হওয়া ছাড়া আর কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়াটি আইনবদ্ধ ও মানদণ্ডভিত্তিক করা উচিত।
এদিকে, নতুন সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর পরামর্শও দিয়েছে সিপিডি। পাশাপাশি বিদ্যুৎ খাতে সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওযা বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক; শর্তের বেড়াজালে আটকে গেছে বাংলাদেশ। এলডিসি উত্তরণে এই চুক্তি বড় বাধা।
বড় অবকাঠামোর উন্নয়নে যাবার মতো সরকারের অর্থিক সক্ষমতা নেই, এক্ষেত্রে ধীরে চলো নীতি গ্রহণ করা উচিত বলে মত দিয়েছেন সিপিডির পরিচালক।
এমআই/টিকে