© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারকে সহযোগিতার মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশের জনগণকেই সহযোগিতা করা হবে। কোনো ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয়।’

জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা (যেমন : আরবি, জার্মান, চায়নিজ বা কোরিয়ান) শিক্ষার ব্যবস্থা করব।’

এ ছাড়া তিনি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়ালেখা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় মিলিত হন।

সভায় তিনি হাসপাতালের কার্যক্রম গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন