উপ-নির্বাচন : প্রার্থীদের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তফশিলি ব্যাংকে পৃথক ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪খখ অনুসারে প্রত্যেক নির্বাচনী এজেন্টকে অথবা এজেন্ট নিয়োগ করা না হলে প্রার্থী কর্তৃক নিজে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য (ব্যক্তিগত ব্যয় ব্যতীত) তফসিলি ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন সংক্রান্ত ব্যয়ের সমূদয় অর্থ পরিশোধ করতে হবে।
এছাড়া নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ এর বিধি ২৯ অনুসারে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী ফরম ২০ এ এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও তার বাৎসরিক আয়-ব্যয় বিবরণী ফরম-২১ মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করার বিধান রয়েছে।
অন্যদিকে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী কর্তৃক জামানতের অর্থ নগদ বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ হাজার টাকা নির্বাচন কমিশনের অনুকুলে মনোনয়নপত্রের সাথে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে; অথবা একটি নির্বাচনী এলাকায় প্রার্থীর অনুকূলে একাধিক মনোনয়নপত্র দাখিল হলে সে প্রার্থীর অনুকূলে শুধু একটি মাত্র জামানত প্রদান করতে হবে। অন্য মনোনয়নপত্রের সঙ্গে চালান/রসিদ-এর সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে।
তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসারের বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।
এবি/টিএ
এবি/টিএ