তিহাড় জেল থেকে বেরিয়েই নতুন যাত্রা রাজপাল যাদবের!
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
‘চেক বাউন্স’ মামলায় তিহাড় জেলে কাটানো কয়েক দিনের পর অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। জেল থেকে বেরিয়েই বড় ঘোষণা দিলেন তিনি। ভিডিওবার্তায় জানালেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন—শুরু করছেন নিজস্ব ইউটিউব চ্যানেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রাজপাল বলেন, বহু দিন ধরে নতুন কিছু করার কথা ভাবছিলেন। অবশেষে সেই উদ্যোগই নিতে চলেছেন। তাঁর কথায়, নতুন এই মাধ্যমে ছোট-বড় সবার জন্য নানা ধরনের বিনোদনমূলক বিষয়বস্তু থাকবে। নতুন যাত্রার জন্য সবার আশীর্বাদও চান তিনি।
তবে এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মত, প্রথমে তাঁর সব ঋণ পরিশোধ করা উচিত। আবার অন্যদের দাবি, নতুন এই উদ্যোগ থেকে আয় হলে তা দিয়ে ধাপে ধাপে ঋণ শোধ করা যেতে পারে।

আইনি জটিলতার সময় অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন বলিপাড়ার বেশ কয়েকজন সহকর্মী। শুধু তারকারাই নন, একদল স্কুলপড়ুয়াও সহায়তার হাত বাড়িয়েছিল। জানা গেছে, উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার একটি স্কুলের প্রায় চল্লিশ জন পড়ুয়া নিজেদের দৈনিক হাতখরচ বাঁচিয়ে অর্থ সংগ্রহ করে পাঠিয়েছিল অভিনেতার জন্য। সঙ্গে ছিল আবেগঘন বার্তা—জেল থেকে মুক্তি পেলে যেন একবার তাঁদের সঙ্গে দেখা করেন।
কিন্তু জামিনে মুক্তি পেলেও এখনও সেই পড়ুয়াদের সঙ্গে দেখা করেননি রাজপাল। এতে মনঃক্ষুণ্ণ হয়েছে তারা। বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে বিতর্কের আবহেই নতুন পথে হাঁটার ঘোষণা দিলেন রাজপাল যাদব। এখন দেখার, তাঁর এই উদ্যোগ কতটা সাফল্য পায় এবং সমালোচনার জবাব কতটা কাজে দিতে পারেন তিনি।
এমকে/টিকে