‘আমি তো চুরি করিনি, তাই এখনও অর্থের জন্য কাজ করতে হয়’
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে ইদানীং বড়পর্দায় খুব একটা দেখা যায় না। দীর্ঘ বিরতির পর আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়, পায়ের ব্যথায় ভুগছেন—তবু ‘অ্যাকশন’ শব্দটি কানে এলেই যেন সব কষ্ট ভুলে যান এই দুঁদে খলনায়ক।
পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি চোর-এ এক দুষ্টু নেতার চরিত্রে অভিনয় করছেন বিপ্লব। নির্মাতার সঙ্গে বহু বছরের সম্পর্কের টানেই এই কাজ শুরু করেছেন বলে জানান তিনি। ঘনিষ্ঠতার সূত্র ধরেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, শরীর ভাল না থাকলেও কাজের ডাক এলে সাড়া দেন। অগ্নিদেবের পরিবারের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। কারও সঙ্গে শত্রুতা নেই বলেই আজও অনেকে যোগাযোগ করেন—এমনটাই মন্তব্য তাঁর।

তবে শুধু ভালবাসাই নয়, অর্থের প্রয়োজনও তাঁকে কাজে ফিরতে প্রেরণা দিয়েছে—এ কথাও স্পষ্ট করে বলেন বিপ্লব চট্টোপাধ্যায়। তাঁর ভাষ্য, তাঁদের সময়ে পারিশ্রমিক এত বেশি ছিল না যে, এখন আর কাজ না করলেও নির্বিঘ্নে দিন কেটে যাবে। সরাসরি মন্তব্য করে বলেন, তিনি কোনও অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করেননি, তাই জীবিকার তাগিদে এখনও কাজ করতে হয়।
ভবিষ্যতে তাঁকে কি আরও বেশি বড়পর্দায় দেখা যাবে? এ প্রসঙ্গে অভিনেতার সোজাসাপ্টা জবাব, কাজের জন্য কারও কাছে অনুরোধ করতে পারবেন না। তবে কেউ ডাকলে অবশ্যই রাজি থাকবেন।
সব মিলিয়ে শারীরিক অসুবিধা সত্ত্বেও অভিনয়ের প্রতি টান আর জীবিকার প্রয়োজনে আবারও শুটিং ফ্লোরে ফেরা—এই দুই কারণেই নতুন করে আলোচনায় বিপ্লব চট্টোপাধ্যায়।
এমকে/টিকে