দুবাইয়ে আবার নতুন করে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
১১:০২ এএম | ০১ মার্চ, ২০২৬
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গতকালই সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছিল। দুবাইয়ে আজ আবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
গতকাল দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। রোববার (১ মার্চ) ভোরে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানায়, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ফলে সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। তবে সেটা ছিল সামান্য।
গতকাল জেবেল আলি বন্দরেও অগ্নিকাণ্ডের খবর দিয়েছিল দুবাইয়ের গণমাধ্যম দফতর। এতে বলা হয়, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। জেবেল আলি বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। দুবাইয়ে যুক্তরাষ্ট্রের আল ধাফরা বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু বানায় ইরান।
শুধু দুবাই নয়, গতকাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান হামলা চালায়। যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর রয়েছে।
বাহরাইন, কাতারের দোহার পর সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হন।
এসকে/টিকে