ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইসরায়েলে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং ১২১ জন আহত হয়েছেন। যিনি নিহত হয়েছেন, তিনি একজন নারী এবং আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর নয়।
গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা সম্ভব হলেও সবগুলোকে আটকানো সম্ভব হচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক-ফোকর গলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং সেসবের জেরেই ঘটেছে এসব নিহত ও আহতের ঘটনা।
যারা নিহত এবং আহত হয়েছেন- তারা সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেমের।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে সেখান থেকে এখনও নিহত বা আহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা
এমআই/টিকে