দক্ষিণী অভিনেত্রী তৃষার সঙ্গে পরকীয়ার গুঞ্জন থালাপতি বিজয়ের
ছবি: সংগৃহীত
১২:০৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
দক্ষিণী ছবির সুপারস্টারকে ঘিরে ফের তুঙ্গে বিতর্ক। অভিনেত্রী তৃষা কৃষ্ণান এর সঙ্গে ঘনিষ্ঠতার জেরে ২৫ বছরের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, তারই মাঝে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ স্ত্রী। ব্যক্তিগত জীবনের এই ঝড়ের মধ্যেই নতুন করে চর্চায় উঠে এসেছে থালাপতি বিজয় এর বিপুল সম্পত্তির হিসেব।
বলিউডে কাজ না করেও দক্ষিণী ছবিতেই নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছেন বিজয়। পারিশ্রমিকের নিরিখে তিনি বহু হিন্দি তারকাকেও পিছনে ফেলেছেন বলে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি। ছবিপিছু তাঁর পারিশ্রমিক ১২৫ কোটি টাকা থেকে কখনও কখনও ২৫০ কোটিতেও পৌঁছে যায়। পাশাপাশি বিভিন্ন সংস্থার দূত হিসেবে বার্ষিক আয়ও কয়েকশো কোটির ঘরে। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা বলে শোনা যায়।
চেন্নাইয়ে সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো, যার বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা। রোলস রয়েস-সহ একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে, প্রতিটির দামই কোটির উপরে। বিলাসবহুল জীবনযাপন ও বিপুল উপার্জনের কারণেই তাঁকে ‘সর্বকালের সেরা’ তকমা দিয়ে থাকেন অনুরাগীরা।

কিন্তু এই সাফল্যের আড়ালেই নাকি দাম্পত্যে চিড়। স্ত্রী সঙ্গীতা প্রতারণার অভিযোগ এনে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন বলে খবর। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই এমন সিদ্ধান্ত এমনটাই জল্পনা ছড়িয়েছে। আদালতে ইতিমধ্যেই মামলা উঠেছে, আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
কয়েক মাস আগেই জনসভায় পদপিষ্টের ঘটনায় একাধিক অনুরাগীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল দক্ষিণী দুনিয়া। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যও করেছিলেন বিজয়। এদিকে শোনা যাচ্ছে, অভিনয় জীবন থেকে সরে এসে রাজনীতিতে পূর্ণ সময় দিতে চান তিনি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের টানাপড়েন নিয়ে ভক্তমহল দ্বিধাবিভক্ত। একাংশের বিশ্বাস, প্রিয় তারকা এমন কাজ করতে পারেন না। অন্যদিকে সমালোচকেরাও সরব। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধও পাচ্ছেন এই বিচ্ছেদ বিতর্কে।
ঝড়ের মুখে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই ব্যক্তিগত সংকট কি তাঁর রাজনৈতিক ও পেশাগত ভবিষ্যতে প্রভাব ফেলবে? নাকি বিতর্ক পেরিয়ে ফের নতুন অধ্যায়ে পা রাখবেন দক্ষিণের এই মহাতারকা?
পিআর/টিকে