© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনি নিহতের খবরে কাশ্মীরে বিক্ষোভ, শান্ত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন:
খামেনি নিহতের খবরে কাশ্মীরে বিক্ষোভ, শান্ত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রবিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর উপত্যকার বিভিন্ন স্থানে, বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

কিছু এলাকায় মিছিল ও স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সব সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার, সম্প্রীতি বজায় রাখার এবং কোনো ধরনের উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ইরানে অবস্থানরত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। রবিবার ভোরে এ তথ্য নিশ্চিত করা হয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন