© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌরভের বায়োপিকে মায়ের ভূমিকায় অপরাজিতা, বাবা ও ডালমিয়ার চরিত্রেও থাকতে পারে চমক!

শেয়ার করুন:
সৌরভের বায়োপিকে মায়ের ভূমিকায় অপরাজিতা, বাবা ও ডালমিয়ার চরিত্রেও থাকতে পারে চমক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ০১ মার্চ, ২০২৬
ক্রিকেটের বাইশ গজ থেকে বিশ্বমঞ্চ একজন বাঙালির উত্থানের গল্প বহুদিন ধরেই আলোচনায়। সেই গল্পই এবার রূপ নিচ্ছে বড়পর্দায়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এর জীবনীচিত্র ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। কে হচ্ছেন মহারাজ? সেই প্রশ্নের উত্তর আগেই মিলেছিল। তবে এবার সামনে এল আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে সম্ভাব্য অভিনয়শিল্পীদের নাম, যা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে টলিপাড়া থেকে বলিপাড়া পর্যন্ত।

সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। মার্চ মাসেই কলকাতায় শুটিং শুরু হওয়ার কথা। জানা যাচ্ছে, আগামী ১৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চিত্রগ্রহণ। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ক্রিকেটময় জীবনকে রূপ দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

এবার যে নামটি সবচেয়ে বেশি চর্চায়, তিনি অপরাজিতা আঢ্য। সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে বলে খবর। হাওড়ার মেয়ে, দীর্ঘদিনের জনপ্রিয় মুখ অপরাজিতার অভিজ্ঞ অভিনয় এই চরিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বোমান ইরানি। তাঁর সংযত অথচ দৃঢ় উপস্থিতি এই চরিত্রে মানানসই হবে বলেই জল্পনা।



এতেই শেষ নয়। তৎকালীন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রেও থাকতে পারে চমক। সেই ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাও–কে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু সম্ভাব্য এই তালিকা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। পরিচালনার আসনে বসছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তাঁর হাত ধরেই একের পর এক প্রশংসিত ছবি এসেছে। ফলে সৌরভের বর্ণময় জীবন তাঁর ফ্রেমে কীভাবে ধরা পড়ে, তা নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া।

বাঙালির আবেগ, জাতীয় দলের নেতৃত্ব, বিতর্ক আর প্রত্যাবর্তনের কাহিনি সব মিলিয়ে এই জীবনীচিত্র যে শুধু একটি সিনেমা নয়, বরং এক প্রজন্মের স্মৃতির পুনরাবৃত্তি হতে চলেছে, তা বলাই যায়। এখন অপেক্ষা কেবল ক্যামেরা ঘোরার।

পিআর/টিকে

মন্তব্য করুন