© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান-অভিনয়

শেয়ার করুন:
ঈদ ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান-অভিনয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ০১ মার্চ, ২০২৬
ঈদের বিশেষ আয়োজন মানেই দর্শকদের বাড়তি আগ্রহ আর সেই তালিকায় সব সময়ই বিশেষ জায়গা দখল করে আছে ইত্যাদি-এর বিদেশি পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের অংশগ্রহণে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বাস্তবতা তুলে ধরে আসছেন অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।

এই বিশেষ পর্বের লক্ষ্য শুধু বিনোদন নয়, আনন্দের পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় লোকজ জীবন, কুসংস্কার, সামাজিক অসঙ্গতি, গ্রামীণ খেলাধুলা এবং দেশের একটি গণমাধ্যমীন নানা সমস্যা।

পর্বটির শেষ হয় একটি শিক্ষামূলক বার্তার মাধ্যমে।

অনেকেই ভাবেন এত বিদেশিকে নিয়ে কিভাবে সম্ভব হয় নাচ, গান ও অভিনয়? দীর্ঘদিন ধরে এই কঠিন কাজটি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে আসছেন হানিফ সংকেত। ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছেও ‘ইত্যাদি’ একটি পরিচিত ও প্রিয় নাম। এমনকি যারা দেশে ফিরে যান, তারাও বন্ধু বা সহকর্মীদের এই অভিজ্ঞতায় যুক্ত হতে উৎসাহিত করেন।



এবারের পর্বে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এদের অনেকেই বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সব মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত বিদেশি।

এবারের বিদেশি পর্বে আত্মস্বার্থ ও সুবিধাবাদী দ্বিমুখী চরিত্রের সামাজিক প্রভাবকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।

পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় ছিলেন মামুন।

বিদেশিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্বে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।

মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়।

আশাকরি প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

পিআর/টিকে

মন্তব্য করুন