ট্রাম্পকে হামলা চালাতে চাপ দিয়েছিলেন সৌদির ক্রাউন প্রিন্স: ওয়াশিংটন পোস্ট
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলার পেছনে কূটনৈতিক পর্দার আড়ালের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সামরিক হামলা চালানোর জন্য চাপ দিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিলেও, আড়ালে ভিন্ন বার্তা দিচ্ছিলেন সৌদি যুবরাজ। চলতি বছরের জানুয়ারিতে তিনি প্রকাশ্যে বলেছিলেন, সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার করতে দেবে না। একইসঙ্গে তিনি ওয়াশিংটন ও তেহরানকে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।
কিন্তু পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়া এবং ইরান আবারও পারমাণবিক কার্যক্রম জোরদার করেছে—এমন অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় ব্যাপক হামলা চালায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'ভারী ও নিখুঁত বোমাবর্ষণ' প্রয়োজন হলে পুরো সপ্তাহজুড়ে কিংবা তারও বেশি সময় চলবে।
হামলার জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াদে পাল্টা হামলা চালায়। ফলে গোটা মধ্যপ্রাচ্য নতুন সংঘাতে জড়িয়ে পড়ে।\ এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের হামলাকে 'স্পষ্ট ও কাপুরুষোচিত' বলে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইরানি কর্তৃপক্ষ জানত যে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড হামলার জন্য ব্যবহার করতে দেবে না—তবুও এই আক্রমণ চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এবি/টিএ
এবি/টিএ