© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুরু হয়েছে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান: ৩৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

শেয়ার করুন:
শুরু হয়েছে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান: ৩৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানের প্রথম দিনে ঢাকা মহানগরী, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে মোট ৩৪ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামের সার্বিক তত্ত্বাবধানে (১ মার্চ) দিনভর এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে অধিদপ্তরের বিভিন্ন মেট্রো ও জেলা কার্যালয়ের সদস্য ছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে মোট ৩৫টি স্থানে এই তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে: ইয়াবা: ১,২৩০ পিস, গাঁজা: ১ কেজি, হেরোইন: ১২ গ্রাম

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এক বিবৃতিতে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি আরও জানান: "মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
 
মাদক সংক্রান্ত যে কোনো তথ্য অধিদপ্তরের হটলাইন নম্বর +৮৮০-১৯০৮-৮৮৮-৮৮৮ অথবা নিকটস্থ কার্যালয়ে জানানোর জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

টিএ/

মন্তব্য করুন