© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ০১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেক আহমদ ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন।
নিহত সালেক বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার (১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা সালেকের স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সালেক আহমদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। এসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেকসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেককে মৃত ঘোষণা করে।

এদিকে সালেকের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দেশে থাকা সালেকের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম রোববার মুঠোফোনে বলেন, ‘গতকাল শনিবার থেকেই তারা সালেকের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেকের ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।’

কীভাবে তিনি মারা গেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারা শুনেছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য যাচ্ছেন।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মো. শাহজাহান বলেন, ‘সালেকের মৃত্যুর খবর তিনি শুনে দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

এবি/টিএ

মন্তব্য করুন