হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন দাবি ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত
১১:৫৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ১ মার্চ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমরা যে সাফল্য পাচ্ছি, তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন নেতা মারা গেছে এবং এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ‘সিএনবিসি’ ও ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও একই প্রসঙ্গ তুলে ধরেন। সিএনবিসিকে তিনি বলেন, আমরা কেবল আমাদের জন্য নয়, বিশ্বের জন্য কাজ করছি। নির্ধারিত সময়ের আগেই সবকিছু এগোচ্ছে দাবি করে তিনি পরিস্থিতি ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন।
অন্যদিকে দ্য আটলান্টিককে ট্রাম্প জানান, ইরানের সম্ভাব্য পরবর্তী নেতাদের সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী। তারা কথা বলতে চান এবং আমি রাজি হয়েছি। তবে কখন ও কীভাবে সেই আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানি নেতাদের এ ধরনের পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে।
এসএস/টিএ