তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় প্রাণ গেল ২০ জনের
ছবি: সংগৃহীত
০৯:৪৬ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে চালানো এক হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এতেই স্পষ্ট হচ্ছে, হামলাগুলো কেবল রাজনৈতিক কেন্দ্র বা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও একাধিক শক্তিশালী বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
পূর্ব ও পশ্চিম ইরান থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
গণমাধ্যমটি বলছে, শুধু সামরিক সদরদপ্তরই নয়, বেসামরিক আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সূচনা হয়েছিল দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয় এবং প্রেসিডেন্টের দপ্তরে।
তেহরানের বিভিন্ন স্থানে বেসামরিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যাচ্ছে।
কিছু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
এদিকে এক কর্মকর্তা দাবি করেছেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৮০ শিশু নিহত হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে।
এমআর/টিকে