ইরানে হামলার বিরোধিতা করছে ৪৩ শতাংশ মার্কিন : জরিপ
ছবি: সংগৃহীত
১১:০৭ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করেছেন, যেখানে প্রায় এক-চতুর্থাংশ হামলার পক্ষে মত দিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার পর বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে এ জরিপ পরিচালনা করে।এতে ১,২৮২ জন অংশ নেন।
ফলাফলে দেখা যায়, ৪৩ শতাংশ উত্তরদাতা ইরানে মার্কিন হামলার বিরোধিতা করেছেন। বিপরীতে ২৭ শতাংশ হামলার পক্ষে মত দেন। এ ছাড়া ২৯ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত বলে জানান।
জরিপে উঠে এসেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জনই শনিবার ভোরে শুরু হওয়া হামলার বিষয়ে অন্তত কিছুটা শুনেছেন।
এতে বোঝা যায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
জরিপে আরো উঠে এসেছে, যদি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা হতাহত হন, তাহলে ৫৪ শতাংশ উত্তরদাতা চলমান সামরিক অভিযানের বিরোধিতা করবেন। একইভাবে, যদি এ অভিযান বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয় এবং বহু দেশ এতে জড়িয়ে পড়ে, তাহলে ৪৫ শতাংশ এতে বিরোধিতা করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন।
অন্যদিকে, ৪৮ শতাংশ বলেছেন, যদি এই সামরিক অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে সক্ষম হয়, তাহলে তারা এটিকে সমর্থন করতে পারেন।
এ ছাড়া জরিপে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারে ‘অতিরিক্ত আগ্রহী’। তবে ৩৫ শতাংশের মতে, তার সামরিক শক্তি ব্যবহারের মানসিকতা ‘প্রায় সঠিক মাত্রায়’ রয়েছে।
এমআর/টিকে