ড্রোন হামলার জেরে বন্ধ সৌদির রাস তানুরা তেল শোধনাগার
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের পাল্টা হামলার জেরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগার।
সোমবার (২ মার্চ) তেল শোধনাগারের একটি সূত্র জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালানোর পর এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে তেহরান অঞ্চলজুড়ে হামলা শুরু করে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান— দুটি ড্রোন শোধনাগার লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে সেগুলো আকাশেই ভূপাতিত করা হয়। তিনি বলেন, 'ড্রোন প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষ থেকে সীমিত আকারের আগুন লাগে। তবে এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি'।
এএফপিকে দেওয়া আরেকটি সূত্র জানায়, অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সৌদি আরবের উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার। এর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।
এটি শুধু শোধনাগারই নয়, বরং সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবেও ব্যবহৃত হয়।
আইকে/টিএ