© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতের শেষ ফ্লাইটে সৌরভ-মিমির অপ্রত্যাশিত সাক্ষাৎ

শেয়ার করুন:
রাতের শেষ ফ্লাইটে সৌরভ-মিমির অপ্রত্যাশিত সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ০২ মার্চ, ২০২৬
তিনি ‘মহারাজ’। ক্রিকেট দুনিয়ায় যার নাম উচ্চারণ হলেই আবেগে ভেসে যান অগণিত ভক্ত। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়-এর ব্যবহারেই এবার মুগ্ধ হলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। মাঝরাতের বিমানে ঘটে যাওয়া এক অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগাপ্লুত বার্তা দিয়েছেন তিনি।

মিমির পোস্টে দেখা গেছে, বিমানের ভেতরে পাশাপাশি বসে রয়েছেন দু’জন। রাতের শেষ ফ্লাইট। ক্লান্ত শরীর নিয়েই বিমানে উঠেছিলেন অভিনেত্রী। ফাঁকা ছিল কেবল শেষ সারির আসন। বাড়ি ফিরতেই হবে, এই ভাবনা নিয়েই যাত্রা। আর সেখানেই আচমকা দেখা ‘মহারাজে’র সঙ্গে।

মিমির কথায়, তাকে দেখেই বিজনেস ক্লাস ছেড়ে সাধারণ যাত্রীদের আসনে চলে আসেন সৌরভ। শুধু তাই নয়, সেলফি তুলতে আসা প্রত্যেক ভক্তের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। কেউ প্রশ্ন করলে মন দিয়ে উত্তরও দিয়েছেন। ব্যস্ততা বা ক্লান্তির ছাপ ছিল না আচরণে।



মিমি লিখেছেন, কোলাহলে ভরা এই পৃথিবীতে এমন ব্যবহার সত্যিই মন ছুঁয়ে যায়। তার মতে, এই কারণেই সৌরভ আজ কিংবদন্তি। মাঝআকাশে সেই মুহূর্ত যেন নতুন করে শ্রদ্ধা বাড়িয়েছে তার মনে।

এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে নির্মিত হতে চলা বায়োপিক ঘিরে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করতে পারেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এর আগে তিনি ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’সহ একাধিক আলোচিত ছবি পরিচালনা করেছেন। ফলে প্রিন্স অব ক্যালকাটার বর্ণময় জীবন বড় পর্দায় কীভাবে ফুটে উঠবে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

একই সঙ্গে গুঞ্জন রয়েছে, ‘বিগ বস বাংলা’র ঘরেও নাকি দেখা যেতে পারে সৌরভকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি।

সব জল্পনার মাঝেই মাঝরাতের সেই বিমানের অভিজ্ঞতা যেন নতুন করে মনে করিয়ে দিল, খ্যাতির শিখরে থাকলেও বিনয় আর সহজাত ব্যবহারে এখনও মাটির কাছাকাছিই রয়েছেন ‘মহারাজ’।

এসএন 

মন্তব্য করুন