সামরিক অভিযান বন্ধ করা জরুরি: চীন
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে উদ্ভূত মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার (২ মার্চ ২০২৬) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ওই সামরিক পদক্ষেপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-এর কোনো অনুমোদন নেই। এ আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। চীন এ হামলার তীব্র নিন্দা জানায়।
মাও নিং বলেছেন, চীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংঘাতের বিস্তার রোধের আহ্বান জানানো হয়েছে।
চীন গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) মন্ত্রী পর্যায়ের পরিষদের ৫০তম অসাধারণ বৈঠকের বিবৃতিকে স্বাগত জানিয়েছে। বেইজিং মনে করে, বর্তমান সংকট কাটিয়ে ওঠা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি।
ইরান প্রসঙ্গে চীনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রচার-এর এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের চীন দৃঢ় বিরোধী। তিনি জানান, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।
জাপানের সংবাদ মাধ্যম এনএইচকের এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলা ও হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। হরমুজ প্রণালী ও জ্বালানি নিরাপত্তা বিষয়ে আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। এ প্রসঙ্গে মাও নিং বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। অঞ্চলটি নিরাপদ ও স্থিতিশীল রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ।
রাশিয়ার সঙ্গে যোগাযোগ: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে ফোনালাপ করেছেন। চীন জানায়, সাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় কাজ করতে তারা প্রস্তুত।
সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিষয়ে শেনজেন টিভিরেএক প্রশ্নের জবাবে মাও নিং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সাইবারস্পেসে অস্থিতিশীলতার উৎস। চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা ও প্রস্তুতির বিষয়ে বেইজিং উদ্বেগ জানিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া প্রসংগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে উত্তেজনা বৃদ্ধির পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। বেইজিং সময় ২ মার্চ পর্যন্ত ৩ হাজারের বেশি চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা কূটনৈতিক মিশনগুলো সীমান্তে সহায়তা দিচ্ছে। এসময় তেহরানে সামরিক সংঘাতে এক চীনা নাগরিক নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে বেইজিং। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সরকার।
সূত্র: চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়
আইকে/টিএ