© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ট্রাম্পের নিন্দায় হলিউড তারকারা

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ট্রাম্পের নিন্দায় হলিউড তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সেনাপ্রধান আব্দুলরহিম মৌসাভিসহ বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। এই হামলার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন একঝাঁক হলিউড তারকা।

গত শনিবার ভোরে ইরানজুড়ে বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুরসহ সাতজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার প্রাণ হারিয়েছেন। এই হামলার জবাবে ইরানও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ইরানের পক্ষ থেকে আসা ‘আসন্ন হুমকি’ মোকাবিলায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে তার এই দাবিকে নাকচ করে দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মার্ক রাফালো, জন কিউস্যাক এবং জ্যাক হোয়াইটের মতো জনপ্রিয় হলিউড তারকারা। গ্র্যামি জয়ী সংগীতশিল্পী জ্যাক হোয়াইট ইনস্টাগ্রামে ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ গঠনের উদ্যোগকে উপহাস করে লিখেছেন, নিজের সন্তানরা যুদ্ধে না গেলেও সাধারণ মানুষের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

অভিনেতা জন কিউস্যাক বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু বিতর্কিত ইস্যু থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন। জনপ্রিয় লেখক স্টিফেন কিং মার্কিন সংবিধানের দোহাই দিয়ে লিখেছেন, কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা করায় প্রেসিডেন্টকে অভিশংসন করা উচিত। এছাড়া অভিনেত্রী রোজি ও'ডোনেল এবং মার্ক রাফালো এই সামরিক পদক্ষেপের নেপথ্যে থাকা উদ্দেশ্য নিয়ে কড়া সমালোচনা করেছেন।

অন্যদিকে কমেডিয়ান টিমোথি হাইডেকার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে ব্যঙ্গাত্মকভাবে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য অন্তত মিথ্যা অজুহাত দেওয়া হতো, কিন্তু এখন কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এসএন 

মন্তব্য করুন