শাকিরার কনসার্টের টিকিট বুকিং শুরু
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ০২ মার্চ, ২০২৬
দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষা। শেষবার যখন তিনি মঞ্চ কাঁপিয়েছিলেন, তখন সময়টা ছিল ২০০৭। প্রায় দু-দশক পর আবারও সেই অতিপরিচিত হিপস ডোন্ট লাই-এর ছন্দে মাততে চলেছে ভারত। পপ কুইন শাকিরার ভারতে প্রত্যাবর্তনের খবরে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

এপ্রিলের তপ্ত দুপুরে সুরের শীতল পরশ নিয়ে আসছেন শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। আয়োজক সংস্থা ‘ফিডিং ইন্ডিয়া’ এবং ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’-র যৌথ উদ্যোগে এই আয়োজনকে ঘিরে এখন সাজ সাজ রব।

গেল ১ মার্চ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং। একজন সাধারণ অনুরাগীর কাছে শাকিরার পারফরম্যান্স চোখের সামনে দেখা অনেকটা স্বপ্নপূরণের মতো। তবে এই অভিজ্ঞতার জন্য পকেট থেকে খসাতে হবে বেশ মোটা অঙ্ক। ডেলিভারি চার্জ ও বুকিং ফি-সহ একটি টিকিটের সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ৩২ হাজার টাকা।
তবে এই চড়া দামের টিকিটে কেবল কনসার্ট দেখাই নয়, মিলবে রাজকীয় সব সুবিধা। ভিআইপি লাউঞ্জ, ফ্যান পিট অ্যাক্সেস,শাটল সার্ভিস, প্রিমিয়াম ফুড মেনুর পাশাপাশি থাকবে অ্যালকোহলযুক্ত পানীয়র ব্যবস্থাও।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তারকাদের কনসার্টে দর্শকদের উপচে পড়া ভিড় সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শাকিরার ক্ষেত্রে এই উন্মাদনা কয়েক গুণ বেশি। তাই দিল্লি ও মুম্বাই, উভয় শহরেই কনসার্ট চলাকালীন নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এসএন