ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করল কাতার
ছবি: সংগৃহীত
১১:৩৮ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য জানিয়েছে কাতার। সোমবার (২ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের দুটি ইসইউ২৪ যুদ্ধবিমান ও সাতটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। এগুলোর সঙ্গে পাঁচটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
মিসাইলগুলো তার টার্গেটে আসার আগেই ধ্বংস করা হয়েছে উল্লেখ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী, হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। মিসাইলগুলো তাদের টার্গেটের কাছাকাছি আসার আগে ধ্বংস করা হয়েছে।”
কাতারের দোহা থেকে আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি বলেছেন, কাতারের ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি বেশ গুরুতর। এটি সংঘাত আরও বাড়িয়ে দেবে।
তিনি বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত করার অর্থ হলো ইরানের বিমানের সঙ্গে আকাশে যুদ্ধ করেছে কাতারি বিমান।
ইরান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সূত্র: আলজাজিরা