© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় কমলো ৩.৭৩ শতাংশ

শেয়ার করুন:
৮ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় কমলো ৩.৭৩ শতাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ এএম | ০৩ মার্চ, ২০২৬
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে।

সোমবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৩.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ৬১ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ২ হাজার ৬৭৯ কোটি ৬৪ লাখ ডলার।
 
 
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১ হাজার ৩৬৮ কোটি ৭১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ৪৩৪ কোটি ৪ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ২১০ কোটি ৮৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ২৪৫ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে, সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮১ কোটি ৫৯ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩২৪ কোটি ৪৪ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৩৯ কোটি ৭১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এছাড়া ১৪১ কোটি ৮৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ।

অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কম।
 
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৪ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। জুলাই-ফেব্রুয়ারি মাসে রপ্তানি হয়েছে ৭৯ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রপ্তানি আয় ১০ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮১ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৪৯ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১২ দশমিক ০৩ শতাংশ।

কেএন/টিকে

মন্তব্য করুন