মুক্তির আগেই ৬০০ কোটির ঘরে ‘টক্সিক'
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ০৩ মার্চ, ২০২৬
মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ এমনটাই দাবি করেছেন প্রবীণ প্রযোজক ড. জি ধনঞ্জয়ন।
তার বক্তব্য, এই বিপুল প্রি-রিলিজ ব্যবসা কেবল তারকাখ্যাতির জোরে নয়; বরং সুপরিকল্পিত সর্বভারতীয় কৌশলের ফল। চার বছর পর বড় পর্দায় ফিরছেন যশ। তার নতুন ছবি মুক্তির আগেই যে বিপুল অঙ্কের ব্যবসা করেছে, তা সাম্প্রতিক সময়ে দক্ষিণি সিনেমার ক্ষেত্রে বড় নজির বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
ধনঞ্জয়নের মতে, ছবিটির কাস্টিংই এর সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, এমনভাবে অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে যাতে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের সঙ্গে আলাদা আলাদা সংযোগ তৈরি হয়।
তিনি আরো বলেন, ‘প্যান ইন্ডিয়া সিনেমা মানে কেবল একটি দক্ষিণি ছবিকে ডাব করে সর্বত্র মুক্তি দেওয়া নয়; বরং শুরু থেকেই এমন পরিকল্পনা থাকতে হবে যাতে দেশের বিভিন্ন ভাষা ও অঞ্চলের দর্শক ছবিটিকে নিজেদের বলে মনে করেন।’
ধনঞ্জয়নের দাবি, হাজার কোটির বেশি আয় করা দক্ষিণি ছবিগুলোর ৪০ থেকে ৪৫ শতাংশ আয় এসেছে উত্তর ভারত থেকে।

অর্থাৎ উত্তর ভারতের বাজার ধরতে না পারলে বড় সাফল্য সম্ভব নয়—এই বাস্তবতা মাথায় রেখেই ‘টক্সিক’-এর কৌশল নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিনে আরেক বড় ছবি ধুরন্ধর ২-এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতায় নামছে এটি।
তবে ধনঞ্জয়নের মতে, এটি ঝুঁকি নয়; বরং আত্মবিশ্বাসের প্রকাশ।
সঠিক কৌশল নিয়েই মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
মুক্তির আগের এই ব্যবসায়িক অঙ্ক নিঃসন্দেহে চমকপ্রদ। তবে শেষ কথা বলবে দর্শকই। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরই বোঝা যাবে, আগাম সাফল্য বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়।
গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন যশ, নয়নতারা, রুক্মিনি বসন্ত, কিয়ারা আদভানি, টোভিনো প্রমুখ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমকে/টিএ