জনপ্রিয় অভিনেতা এরিক অ্যালান আর নেই
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ব্রিটিশ টেলিভিশন ও রেডিও নাটকের জনপ্রিয় অভিনেতা এরিক অ্যালান আর নেই। সাড়া জাগানো এই অভিনেতার বয়য় হয়েছিল ৮৫ বছর। তিনি আইটিভির ধারাবাহিক ‘এমারডেল’-এ ফ্র্যাঙ্ক ব্লেকি চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। অভিনেতার মৃত্যু গত ৮ ফেব্রুয়ারি হলেও বিষয়টি আড়ালেই রেখেছিল তার পরিবার।
এরিক অ্যালান ১৯৭২ সালে ‘এমারডেল ফার্ম’–এ যোগ দেন। পরবর্তীতে ধারাবাহিকটির নাম পরিবর্তন হয়ে ‘এমারডেল’ হয়। ফ্র্যাঙ্ক ব্লেকি চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। শিকারের বিরোধিতায় সোচ্চার থাকা এবং জেনি হার্কার চরিত্রের সঙ্গে ধারাবাহিকটির প্রথম বিয়ের দৃশ্যে অংশ নেয়া ছিল তার চরিত্রের উল্লেখযোগ্য দিক।
১৯৭৪ সালে ধারাবাহিকটি ছাড়ার পর তিনি দীর্ঘদিন কাজ করেন বিবিসি রেডিও ৪–এর জনপ্রিয় রেডিও নাটক ‘দ্য আর্চেরস’ –এ। সেখানে তিনি বার্ট ফ্রাই চরিত্রে কণ্ঠ দেন প্রায় ২৫ বছর।
কৃষক হলেও কবিতাপ্রিয় এই চরিত্রটি শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করেছিল।

১৯৪০ সালের ৮ মার্চ ডেভিড এরিক অ্যালানের জন্ম। তিনি ১৯৬৭ সালে অভিনয় জীবন শুরু করেন। টেলিভিশনে অভিষেকের আগে তিনি রয়্যাল শেকসপিয়ার কোম্পানির সঙ্গে কয়েক বছর কাজ করেন। ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত পিটার ব্রুকের নাটক ‘ইউএস’–এও অভিনয় করেছিলেন তিনি।
দীর্ঘ ৫৩ বছরের ক্যারিয়ারে তিনি ‘দ্য বিল’, ‘হার্টবিট’, ‘বার্জারাক’ ও ‘দ্য অ্যাডভেঞ্চারস অব শার্লক হোমস’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ভক্তরা শোক প্রকাশ করছেন।
এরিক অ্যালানের প্রয়াণে ব্রিটিশ ধারাবাহিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার অভিনয় ও অবদান দীর্ঘদিন স্মরণে রাখবেন দর্শক ও সহকর্মীরা।
সূত্র: টেলিগ্রাফ
এমকে/টিএ