এনসিপির সাবেক নেতা তানভীরের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, সত্যতা পায়নি দুদক
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ০৪ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তদন্তে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায়নি দুদক। এজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ প্রত্যাহার করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে রোববার এ আদেশ দেন। তবে বিষয়টি জানা যায় মঙ্গলবার (৩ মার্চ)।
মঙ্গলবার দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি আনব্লক চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।’
এ আবেদন করার কারণ হিসেবে দুদকের এ কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে চলমান অনুসন্ধান পরিসমাপ্তি হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি দুদক প্রতিবেদন দিয়ে তা আদালতকে অবহিত করে। এর পর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়।
চব্বিশের আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতাদের নিয়ে গঠিত দল এনসিসির শীর্ষস্থানীয় নেতা তানভীরের ‘হঠাৎ বিলাসী জীবন’ এবং তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ নিয়ে দলটিতে আলোচনার ওঠে।
দুর্নীতির বিভিন্ন অভিযোগ আসার পর ২০২৫ সালের ২১ এপ্রিল দলের যুগ্ম সদস্য সচিবকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তখন জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে ‘কমিশন বাণিজ্য’ ও ‘হস্তক্ষেপ’ করার অভিযোগে তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয় দলটি।
ওই সময় তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানেও নামে দুদক। পরে ২৭ মে সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ হয়েছিল।
তখন দুদকের আবেদনে বলা হয়েছিল, অভিযোগ ওঠা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।
আরআই/ এসএন