মধ্যপ্রাচ্যের সংঘাতে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত
১১:১৬ এএম | ০৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহে ব্যাঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যাহত হয়েছে এবং এই অঞ্চলের রপ্তানি বন্ধ হওয়ায় বুধবার (৪ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ১ ডলারেরও বেশি বেড়ে গেছে।
মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, ইউরোপীয় বাজারে প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা পেট্রোলের দাম গড়ে প্রতি গ্যালন ৩.১১ ডলারে পৌঁছেছে। মধ্যাহ্ন পর্যন্ত ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার কমেছে। ইউরোপ ও এশিয়ার বাজারও ৩ শতাংশের বেশি পড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব অর্থবাজারকে অস্থির করে দিয়েছে।
হরমুজ প্রণালি নিকটবর্তী জাহাজগুলোতে হামলার কারণে বিশ্ব জ্বালানি বাজারের দাম এই সপ্তাহে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চম তেল ও গ্যাস ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাঝখান দিয়ে বয়ে চলা হরমুজ প্রণালি দিয়ে যায়। ইরান জাহাজে হামলার হুমকি দেওয়ার পর এই পথে প্রায় সব জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।
ইউটি/টিএ