বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
ছবি: সংগৃহীত
০৫:০৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং বৈশ্বিক বাজারে ধসের প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়েছে। এর ফলে বুধবার (৪ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
এদিন বাংলাদেশ সময় সকাল ১০ টা ৫৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলার ছুঁয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ডলারের শক্ত অবস্থান এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় মুদ্রাস্ফীতির উদ্বেগ বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি কমে ২০ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণ আগামী কয়েক দিনে ঘুরে দাঁড়াতে পারে। তার ভাষ্য, গত বছরের শুরু থেকে ডলার ও বন্ডের ফলনের ওঠানামা সত্ত্বেও স্বর্ণ নিজস্ব গতিপথে স্থিতিশীল থেকেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম তীব্রভাবে বেড়েছে।জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলা, উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল বন্ধ এবং কাতার থেকে ইরাক পর্যন্ত উৎপাদন স্থগিত হওয়ার ঘটনায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
এ ছাড়া আগের সেশনে ৮ শতাংশের বেশি পতনের পর বুধবার স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়। স্পট প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১২৬ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৭৩ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: ইয়াহু নিউজ সিঙ্গাপুর
এমআর/টিএ