© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদযাত্রা : আধাঘণ্টায় ট্রেনের ১১ হাজার অগ্রিম টিকিট বিক্রি

শেয়ার করুন:
ঈদযাত্রা : আধাঘণ্টায় ট্রেনের ১১ হাজার অগ্রিম টিকিট বিক্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১১ এএম | ০৫ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শুরু হয়েছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট সংগ্রহের হুড়াহুড়ি। ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন গতকাল বুধবার অনলাইনে তীব্র চাপ তৈরি হয়। মাত্র আধাঘণ্টায় বিক্রি হয় ১১ হাজারের বেশি টিকিট। আর এই সময়েই সার্ভারে ভিজিট করা হয়েছে প্রায় ২০ লাখ বার।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা অনলাইনে ঢুকে পড়লে এই তীব্র চাপ তৈরি হয়।

অন্যদিকে, রাজধানীর কল্যাণপুর ও গাবতলীকেন্দ্রিক বাস কম্পানিগুলোর বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল কাউন্টারে যাত্রীদের উপস্থিতি ছিল কম। গত মঙ্গলবার বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগামী ১৭ ও ১৮ মার্চের রাতের বাসের বেশির ভাগ টিকিট শেষ হয়ে যায়। গতকাল বেশির ভাগ ক্রেতা দিনের বেলার টিকিট কেনেননি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্রেনের টিকিট বিক্রির চিত্র : গতকাল সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, প্রথম ৩০ মিনিটে প্রায় ২০ লাখ বার সংশ্লিষ্ট রেলওয়ের সার্ভারে ভিজিট করা হয়। এর মধ্যে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যেই বিক্রি হয়ে যায় ১১ হাজার ৪০০ টিকিট। তিনি বলেন, গতকাল বুধবার ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্ত নগর ট্রেন এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্ত নগর ট্রেনের টিকিট ছাড়া হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

বাসের টিকিট বিক্রির চিত্র : রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, টিকিট পাওয়ার আশায় যাত্রীরা আসছিলেন। কাউন্টার খোলার আগেই কিছু যাত্রী অপেক্ষা করতে থাকেন।
তবে ভিড় কম ছিল ক্রেতাদের।

শ্যামলী রিং রোডে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ মিজান বলেন, গত মঙ্গলবার বেশি টিকিট বিক্রি হয়েছে। বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ১৭ ও ১৮ মার্চের রাতের বাসগুলোর টিকিট শেষ হয়ে যায়। একই অবস্থা ১৫ ও ১৬ মার্চের রাতের বাসের ক্ষেত্রেও। ঠাকুরগাঁওয়ের যাত্রী ফরহাদ উদ্দিন বলেন, ‘একটা টিকিটের জন্য এক হাজার ৮০ টাকা দিতে হয়েছে। সাধারণ সময়ে এই টিকিট ৯০০ টাকার মধ্যেই পাওয়া যায়। ১৮০ টাকা করে এখনই বেশি নিচ্ছে। শেষের দিকের টিকিট তারা যে কত বিক্রি করবে বলা মুশকিল।’

টিকিট কিনতে আসা সাব্বির হোসেন বলেন, ‘সাধারণ সময়ে দিনাজপুরে স্লিপার বাসে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় যাওয়া যায়। এখন সেটা প্রায় দ্বিগুণ।’

এবি/টিএ

মন্তব্য করুন