সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর সঞ্চয়পত্র ফ্রিজের নির্দেশ
ছবি: সংগৃহীত
০১:৪৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয়পত্র ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এসব সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের পরিমাণ ২০ লাখ টাকা ধরা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগের বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মামলা তদন্তকালে দেখা যায়, আসামি লুৎফুল তাহমিনার ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন। আসাদুজ্জামান খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী অপরাধে সহায়তা করে নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করত, এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামিরা অপরাধলব্ধ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে মামলার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। একারণে মামলার বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তির সুবিধার্থে তার মালিকানাধীন এসব অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।
টিজে/এসএন