মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার
ছবি: সংগৃহীত
০২:১৬ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ঢাকার রূপগঞ্জে শিল্পাঞ্চল খ্যাত হওয়ায়ে এখানে অপরাধ প্রবণতা বেশি। এখানে চলে মাদকের রমরমা ব্যবসা। দেশের বিভিন্ন রুট দিয়ে এ উপজেলায় মাদক ঢুকে। গত ১৬ বছর রূপগঞ্জ ছিলো মাদকের ডিপো।
অন্তবর্তীকালীন সরকারের আমলেও মাদকের লাগাম টানতে পারেনি প্রশাসন। তবে এবার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এমপি বলেছেন, রূপগঞ্জে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মাদক ব্যবসায়ী আমার আত্মীয়স্বজন হলেও কোন ছাড় নেই।
আমি মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম।
তার নির্দেশে ইতোমধ্যে মাদকের আখড়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রেসহ বেশ কয়েকটি স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
জানা গেছে, এমপি হওয়ার কয়েকদিন পরপরই তিনি পুলিশ-প্রশাসনকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক পুলিশ মাদক স্পটগুলোতে সাড়াশি অভিযানে নেমেছেন।
বুধবার রাতে পুলিশ মাদকের আখড়া খ্যাত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে চিরুণী অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে চনপাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
চনপাড়া এলাকার রিকসাচালক হাতেম আলী বলেন, ‘এবার বুঝি বাজান চনপাড়ার পাপ মোচন অইবো। কতো এমপি আইলো গেলো কেউ কোনদিন মাদকের ব্যাপারে ব্যবস্থা নেয় নাই। দিপু ভূইয়া এমপি অইয়া ব্যবস্থা নিছে।
ওনি বাপের ব্যাডা। ওনারে লাল সালাম। চনপাড়ার আরেক গৃহিণী খাদিজা বেগম বলেন, আল্লায় দিপু ভূঁইয়ারে বাঁচাইয়া রাখুক। আমাগো এমুন এমপিরই দরকার। চনপাড়াডা নষ্ট অইয়া গেছিলোগা। ওনি মাদকের ব্যাপারে জেহাদ করেছেন।’
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘চনপাড়া মাদকের আখড়া। এমপির নির্দেশ চনপাড়াসহ রূপগঞ্জের কোথাও মাদক ব্যবসায়ীদের ঠাই হবে না। বুধবার রাতে চনপাড়ায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান গোটা রূপগঞ্জে পর্যায়ক্রমে চলবে।’
কেএন/এসএন