মাগুরায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত
০৭:৫৪ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মাগুরা পৌর শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের জামরুলতলা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরে ভবনের সামনে খুঁটি স্থাপন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, হঠাৎ করে কয়েকজন নেতাকর্মী জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া-মোনাজাত করেন এবং পরে দ্রুত সেখান থেকে চলে যান। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শহরের জামরুলতলায় অবস্থিত এ ভবনটি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
এসএস/টিকে