© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

শেয়ার করুন:
সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ০৫ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। জানান, সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলার এজাহারে আইভীর নাম নেই। এজাহারকারী অয়ন ওসমান, আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাকেও চিনতে পারতেন এবং তার নাম উল্লেখ করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওলাদ হোসেন বলেন, ‘প্রথম পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত বছরের ৯ নভেম্বর উচ্চ আদালত আইভীকে জামিন দেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত আছে। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। পরে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যেগুলোর এজাহারেও তার নাম ছিল না।’

তিনি বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করলে সেদিন রাতেই তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আমরা আদালতে আবেদন জানালে জামিন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করা হবে।’

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল পুড়িয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে সাড়ে ৬টার নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন