© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইবি শিক্ষিকাকে হত্যা / বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে : আমির হামজা

শেয়ার করুন:
বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে : আমির হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় তিনি দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি বন্ধেরও আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত শিক্ষিকার জানাজা শেষে তিনি এসব কথা বলেন। মুফতি আমির হামজা বলেন, ‘তিনি আমার সরাসরি শিক্ষক না হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি তাকে শিক্ষক মনে করি।

তার এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা শোকাহত ও নিস্তব্ধ। সরকারের কাছে আমার জোরালো আহ্বান-আগামীতে দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। নয়তো আজ বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, কাল তা সরকারি কলেজে হবে।’

তিনি আরো বলেন, ‘অপরাধীদের শতভাগ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের প্রচলিত নিয়মনীতি কঠোরভাবে কার্যকর করুন। দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে না পারলে এমন ন্যক্কারজনক ঘটনা আমাদের আবারও দেখতে হবে।’

এদিন বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ৪ মার্চ (বুধবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়ার নিজ কক্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীদের মতে, ওই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

আইকে/টিকে

মন্তব্য করুন