টঙ্গীতে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ১৫ দোকান
ছবি: সংগৃহীত
০৬:২২ এএম | ০৬ মার্চ, ২০২৬
গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা যার যার মতো করে সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ১৫ টি দোকান পুড়ে গেছে। দোকানগুলোর মধ্যে জামান ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাব্বির এন্টারপ্রাইজ, টঙ্গী ফোম অ্যান্ড বেডিং, কুমিল্লা পর্দা গ্যালারি, মডার্ন পর্দা গ্যালারি, মায়ের দোয়া হার্ডওয়্যার, সিপি ফাইভ স্টার, সাথী গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ডিজিটাল প্রিন্ট, আশরাফুল এন্টারপ্রাইজ, এম এইচ ইলেকট্রিক, বিসমিল্লাহ হোম ফার্নিসিংয়ের নাম জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৩-১৪ টি দোকান পুড়ে যায়। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরআই/এসএন