দেশি-বিদেশি নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা
ছবি: সংগৃহীত
০৬:২৫ এএম | ০৬ মার্চ, ২০২৬
রাজবাড়ীতে নকল কসমেটিকস বিক্রি করায় এক দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার খানগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
জানা গেছে, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুরে লুকিং নাইস কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন দেশি-বিদেশি মোড়কে বিভিন্ন প্রকারের প্রসাধনী এবং কসমেটিক্সসামগ্রী নকল করে বিক্রি করছে, এমন অভিযোগ পেয়ে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করলে এর সত্যতা পায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনজনিত অপরাধে প্রতিষ্ঠান মালিক মো. মোশাররফ হোসেন টুকুনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। এ ছাড়া, উপস্থিত সবার মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসের পেশকার সবুজ হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
আইকে/টিকে