সুবিধা দিয়ে ভারতকে ‘চীনের মতো’ হতে দেবে না আমেরিকা: মার্কিন কর্মকর্তা
ছবি: সংগৃহীত
১১:২০ এএম | ০৬ মার্চ, ২০২৬
চীনকে দেওয়া বিশেষ অর্থনৈতিক সুবিধাগুলো ভারতকে দেবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ মার্চ) রাইসিনা ডায়ালগে দেওয়া বক্তব্যে এই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ।
তিনি স্পষ্ট করেছেন, ভারতকে বড় প্রতিযোগী হিসেবে গড়ে ওঠার সুযোগ দিয়ে অতীতে চীনের ক্ষেত্রে করা ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ওয়াশিংটন।
ভারতের ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ক ফ্ল্যাগশিপ সম্মেলন ‘রাইসিনা ডায়ালগ’-এ ল্যান্ডউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ‘অসীম সম্ভাবনা’র বিকাশে সঙ্গে থাকতে চায়। তবে নয়াদিল্লিকে বুঝতে হবে যে, ‘২০ বছর আগে চীনের সঙ্গে আমরা যে ভুল করেছিলাম, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না।’
একটি বাণিজ্য চুক্তির আলোচনার প্রেক্ষাপটে তার এই মন্তব্য ভারতের প্রতি ওয়াশিংটনের সতর্ক অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
বাণিজ্যিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কার মধ্যে ল্যান্ডউ ভারতকে বিশেষ প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতে কোনো পক্ষ না নিয়ে ভারত নিজের অবস্থান বজায় রাখছে এবং ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ঝুলে থাকা বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টা করছে।
গত মাসে কয়েক দফা আলোচনার পর ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছে ওয়াশিংটন। এমন এক সময়ে ভারত তার প্রবৃদ্ধির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যখন যুক্তরাষ্ট্র ভূ-রাজনৈতিক দরকষাকষিতে শুল্ককে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
টিজে/এসএন