৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
১১:৩০ এএম | ০৬ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় এখন পর্যন্ত ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। যার মধ্যে আগুনে পুড়ে যাওয়া একটি ইরানি ড্রোন জাহাজও রয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বদানকারী মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধের প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশ কমেছে।’
তিনি আরো বলেছেন, ‘গত ৭২ ঘণ্টায় মার্কিন বোমারু বিমানবাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আমেরিকা এই মুহূর্তে ৩০টিরও বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে। গত কয়েক ঘণ্টার মধ্যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী জাহাজের আকারের একটি ইরানি ড্রোন ক্যারিয়ার জাহাজকে আঘাত করেছি। তাতে আগুন লেগেছে।’
এদিকে ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ছাড়া লক্ষ্যবস্তু করা নির্দিষ্ট স্থানগুলোর নামও উল্লেখ করেনি গোষ্ঠীটি।
আইআরআই মূলত এই অঞ্চলে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। এ জোট অতীতে আইএসআইএল-এর (আইএস) বিরুদ্ধে লড়াই করেছিল।
সূত্র : বিবিসি
কেএন/এসএন