সপ্তাহের ব্যবধানে ব্রয়লার কেজিতে বেড়েছে ৫০–৬০ টাকা
ছবি: সংগৃহীত
১১:৩৭ এএম | ০৬ মার্চ, ২০২৬
মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সাত দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা।
হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারসহ আশপাশের খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও তুলনামূলক বেশি। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৭৩০ টাকায়।
বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়াই দাম বৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে আসন্ন রমজানকে কেন্দ্র করে মুরগির চাহিদা বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে।
নিউমার্কেটের মুরগি বিক্রেতা মো. আলমগীর বলেন, গত সপ্তাহেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
আরেক বিক্রেতা সোহেল মিয়া জানান, রমজান সামনে রেখে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করে দিয়েছেন। ফলে বর্তমানে সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দামের চাপ তৈরি হয়েছে। একই বাজারের বিক্রেতা আবদুল কাদের বলেন, এখন ক্রেতাদের চাহিদা অনেক বেশি, ফলে সরবরাহ করা মুরগি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
দামের এমন ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারাও। মুরগি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে ভাবেননি তিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছেন, এখন সেটিই ২৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।
নাসরিন আক্তার নামে আরেক ক্রেতা বলেন, মাছ-মাংস সবকিছুরই দাম বেশি। একটি মাঝারি আকারের মুরগি কিনতেই প্রায় সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা খরচ হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ।
এদিকে মাছের বাজারেও দামের তারতম্য দেখা গেছে। বাজারভেদে চাষের পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা কেজি, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু নদীর মাছের দাম আরও বেশি। এছাড়া বিভিন্ন প্রজাতির ছোট মাছের কেজি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে।
সবজির বাজারেও দাম কিছুটা বাড়তি রয়েছে। মান ও আকারভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা এবং পটল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমেছে। এর ফলে অনেক সবজির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
এসএন