© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিনে মুক্তির পর চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু

শেয়ার করুন:
জামিনে মুক্তির পর চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ (৫১) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পঞ্চগড় জেলা কৃষক লীগের সদস্য ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর একটি এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান হারুন অর রশিদ। এ ছাড়া তার বিরুদ্ধে আরো একটি মামলা ছিল।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখেরুল ইসলাম বলেন, গত বুধবার সকালে হারুন অর রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

তিনি বলেন, দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে হারুন অর রশিদকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জামিন পান। জামিনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দুপুর সাড়ে ৩টার দিকে জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠায়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

হারুন অর রশিদের ভাগনে সুমন ফিরোজ বলেন, ‘আমার মামা দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষীদের পাহারায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক জানিয়েছেন, তার হার্ট ব্লক হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে দিনাজপুর জেলা কারাগারের ডেপুটি জেলার জামিনের বিষয়টি নিশ্চিত করে মামাকে মুক্ত করে দেন। এর কিছুক্ষণ পরই বিকেল ৪টা ৭ মিনিটে আইসিইউতে চিকিৎসক আমাদের ডেকে মামাকে মৃত ঘোষণা করেন।

এসকে/টিকে

মন্তব্য করুন