© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের আমরা চিনি না: এমপি রনি

শেয়ার করুন:
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের আমরা চিনি না: এমপি রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনের সংসদ সদস্য (এমপি) ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা সভায় আমরা পুলিশ কমিশনারকে স্পষ্ট বলে দিয়েছি, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের আমরা চিনি না। আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

শুক্রবার (৬ মার্চ) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত মাসব্যাপী গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা জাঁকজমকপূর্ণ কোনো ইফতার মাহফিল করছি না। তৃণমূল মানুষকে ইফতার করাতে চেয়ারম্যানের নির্দেশে গত বছর থেকে গাজীপুর মহানগরে আমরা গণ ইফতার শুরু করি যা চলমান রয়েছে।’

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি এবং গাজীপুর-১ আসনের এমপি আইন-শৃঙ্খলা সভায় জিরো টলারেন্স ঘোষণা করেছি। তবে বিভিন্ন দল থেকে অনুপ্রবেশ করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সাবেক এমপি আলহাজ হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ প্রমুখ।

এসকে/টিকে

মন্তব্য করুন